রামপালের কয়লা ও বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে ভিড়ল দুটি জাহাজ

চলমান দুই মেগা প্রকল্পের গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে দুটি বাণিজ্যিক জাহাজ। একটি জাহাজে এসেছে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা এবং অপর জাহাজে যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর প্রয়োজনীয় যন্ত্রাংশ।

বুধবার সকালে বাংলাদেশি পতাকাবাহী ‘বসুন্ধরা ইমপ্রেস’ নামের একটি জাহাজ রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকার ৮ নম্বর বয়া এলাকায় নোঙর করে। এরপর বেলা ১১টার দিকে পানামার পতাকাবাহী ‘এমভি সান ইউনিটি’ জাহাজটি বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণকাজে ব্যবহারের জন্য ৫৪৮ দশমিক ৪৬ মেট্রিক টন যন্ত্রাংশ নিয়ে বন্দরের জেটিতে ভেড়ে।

রামপালের কয়লা বহনকারী জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট প্রতিষ্ঠান টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, জাহাজে আনা কয়লা ধাপে ধাপে খালাস করে ছোট নৌযানের (লাইটার) মাধ্যমে রামপাল বিদ্যুৎকেন্দ্রে পাঠানো হচ্ছে। তিনি জানান, ইন্দোনেশিয়া থেকে কয়লা বহন করা জাহাজটি এর আগে চট্টগ্রাম বন্দরে প্রায় ১৯ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা খালাস করে, যা ইতোমধ্যে বিদ্যুৎকেন্দ্রে পাঠানো হয়েছে।

অন্যদিকে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর যন্ত্রাংশ নিয়ে আসা বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট প্রতিষ্ঠান এনসিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান জানান, দুপুরের পর থেকে যন্ত্রাংশ খালাস কার্যক্রম শুরু হয়েছে। ওই সব যন্ত্রাংশ সড়কপথে ঢাকা হয়ে সেতু প্রকল্প এলাকায় পাঠানো হবে।

তিনি আরও জানান, ‘এমভি সান ইউনিটি’ জাহাজটি গত ২ এপ্রিল ভিয়েতনাম থেকে মোট ১৬৯টি প্যাকেজে ১ হাজার ৫৪৮ দশমিক ৪৬ মেট্রিক টন যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে পৌঁছায়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বড় জাহাজে করে নিয়মিত কয়লা ও প্রকল্পসামগ্রী আসায় মোংলা বন্দরের কার্যক্রম আরও গতিশীল হচ্ছে। পাশাপাশি এসব মালামাল দ্রুত খালাসের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত হচ্ছে।

১ thought on “রামপালের কয়লা ও বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে ভিড়ল দুটি জাহাজ”

Leave a Comment